ইসলামী আন্দোলন বাংলাদেশই একমাত্র রাজনৈতিক দল, যারা ইসলামের নীতি-আদর্শের ভিত্তিতে দেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়—এমন মন্তব্য করেছেন দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
রোববার (২৫ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা সদরে প্রাণিসম্পদ অফিসসংলগ্ন মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, “যে দেশে আজানের শব্দে মানুষের ঘুম ভাঙে, শিশুরা ঘরে ফিরে আসে—সে দেশেই আজ ইসলামী নীতি ও আদর্শ পরাজিত। এটি অত্যন্ত বেদনাদায়ক বাস্তবতা।”
তিনি বলেন, “নির্বাচনে বহু রাজনৈতিক দল অংশ নিচ্ছে। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশই একমাত্র দল, যারা ইসলামের নীতি-আদর্শের মাধ্যমে রাষ্ট্রে ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়। হাতপাখা প্রতীক বিজয়ী হলে দেশের মানুষের মুখে হাসি ফুটবে, ইনশাআল্লাহ।”
ইসলামী নামে গঠিত অন্যান্য দলগুলোর সমালোচনা করে তিনি বলেন, “অনেক দলের নামের সঙ্গে ইসলাম থাকলেও তারা রাষ্ট্রীয়ভাবে ইসলাম বাস্তবায়নের কোনো সুস্পষ্ট অঙ্গীকার বা স্লোগান দিচ্ছে না।”
জনসভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মুফতি নূরে আলম সিদ্দিকী।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ময়মনসিংহ দক্ষিণ জেলা সভাপতি মাওলানা মামুনুর রশিদসহ স্থানীয়, জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ।