১১ দলীয় নির্বাচনী ঐক্য জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারলে আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ডা. শফিকুর রহমান—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন।
রোববার (২৫ জানুয়ারি) ঢাকা-১৫ সংসদীয় আসনের কাফরুল থানা এলাকায় জামায়াতে ইসলামীর মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী ডা. শফিকুর রহমানের নির্বাচনী গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে মোবারক হোসাইন এসব কথা বলেন।
তিনি বলেন, ডা. শফিকুর রহমান দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে সাধারণ মানুষের কথা শুনছেন। তিনি শুধু একজন সংসদ সদস্য প্রার্থী নন; বরং ১১ দলীয় নির্বাচনী ঐক্য সরকার গঠন করতে পারলে তিনিই হবেন আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী—ইনশাআল্লাহ।
এলাকাবাসীর উদ্দেশে মোবারক হোসাইন বলেন, “আপনারা শুধু একজন এমপি প্রার্থীকে নয়, একজন সৎ, যোগ্য ও আদর্শবান মানুষকে ভোট দিতে যাচ্ছেন। তিনি এই এলাকার সমস্যা সম্পর্কে সম্পূর্ণ অবগত এবং এসব সমস্যা সমাধানে ইতোমধ্যে অঙ্গীকার করেছেন।”
তিনি আরও বলেন, গণমাধ্যম ও বিভিন্ন জনসমাবেশে ডা. শফিকুর রহমান স্পষ্টভাবে জানিয়েছেন যে, এলাকার বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে এবং সেগুলোর কার্যকর সমাধানে বাস্তবভিত্তিক উদ্যোগ নেওয়া হবে। দেশের চলমান নানা সংকট নিরসনে তিনি একজন দূরদর্শী ও যোগ্য নেতৃত্ব হিসেবেই পরিচিত।
গণসংযোগ ও মিছিলে স্থানীয় নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষের অংশগ্রহণ দেখা যায়। কর্মসূচি শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে এলাকায় নির্বাচনী প্রচারণা চালান।