বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত ১৫ বছর জোর করে জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এখন যখন আবার গণতন্ত্রের ভিত্তি গড়ার পথ শুরু হয়েছে, তখন একটি মহল নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। তাই সবাইকে চোখ-কান খোলা রেখে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
শনিবার সন্ধ্যায় ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তারেক রহমান। প্রায় দুই দশক পর ফেনীতে কোনো রাজনৈতিক সমাবেশে যোগ দিয়ে তিনি টানা ২৫ মিনিট বক্তব্য দেন। সমাবেশে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।
তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে দেশের সমস্যা সমাধানে কাজ শুরু করা হবে। তিনি বলেন, “এই দেশ আমার–আপনার–সবার। এই দেশেই আমাদের জন্ম, এই দেশেই আমাদের মৃত্যু। তাই দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”
ভোটের দিন ভোটারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ফজরের নামাজ শেষে ভোটকেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হবে এবং ফলাফল না দেখা পর্যন্ত কেন্দ্র ত্যাগ করা যাবে না।
ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের জনগণের উদ্দেশে তিনি বলেন, এসব জেলায় ধানের শীষ বিজয়ী হলে তা হবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া–এর বিজয়। বক্তব্য শেষে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থীদের জয়যুক্ত করার আহ্বান জানান।