মো. মিরাজ হোসাইন, ভোলা
ভোলা–২ (দৌলতখান–বোরহানউদ্দিন) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ১০ দলীয় জোটভুক্ত লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-র মনোনীত প্রার্থী মোকফার উদ্দিন চৌধুরী।
রোববার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল সাড়ে তিনটায় ভোলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
লিখিত বিবৃতিতে মোকফার উদ্দিন চৌধুরী বলেন, জোটের ঐক্য, সৌহার্দ্য এবং বৃহত্তর রাজনৈতিক স্বার্থের কথা বিবেচনা করে তিনি স্বেচ্ছায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মুফতি ফজলুল করিমের প্রতি আনুষ্ঠানিক সমর্থন ঘোষণা করেন।
তিনি আরও বলেন, মাওলানা মুফতি ফজলুল করিম দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও ত্যাগের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। জনগণের প্রতি তার দায়বদ্ধতা এবং নেতৃত্বের গুণাবলীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে জেলা এলডিপির সভাপতি মো. বশির আহমেদ বলেন, রাজনীতিতে ব্যক্তিগত প্রার্থিতার চেয়ে জোটের বৃহত্তর স্বার্থ অধিক গুরুত্বপূর্ণ। ১০ দলীয় জোটের ঐক্য অটুট রাখতে এলডিপি প্রার্থীর এই সিদ্ধান্ত সময়োপযোগী ও প্রশংসনীয়।
জেলা এলডিপির নেতারা মনে করছেন, এ সিদ্ধান্ত জোটের রাজনৈতিক অবস্থানকে আরও সুসংহত করবে এবং ভোলা–২ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করবে।