মজনুর রহমান আকাশ, মেহেরপুর
আমীরে জামায়াত ডাক্তার শফিকুর রহমানের আগমন উপলক্ষে মেহেরপুরে নির্বাচনী জনসভার সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে চলছে মঞ্চ তৈরির কাজ, ব্যারিকেট তৈরি, সাউন্ড সিস্টেম স্থাপন, ব্যানার টাঙ্গানোসহ অন্যান্য কার্যক্রম চালাচ্ছে জামায়াত।
আগামীকাল সোমবার (২৬ জানুয়ারি) আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। নির্বাচনী জনসভায় আমীরের সাথে কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ থাকবেন বলেও নিশ্চিত করেছেন আয়োজক কমিটি।
জনসভাস্থল পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার আমির মাওলানা তাজ উদ্দিন খান, জেলা সেক্রেটারি ইকবাল হুসাইন, জেলা ব্যবসায়ী বিভাগের সভাপতি সাইফুল ইসলামসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় তারা মাঠের সার্বিক অবস্থা ও প্রস্তুতি নিয়ে আলোচনা করেন।
জনসভা সফল করার উদ্দেশ্যে ইতিমধ্যে জেলার বিভিন্ন প্রান্তে প্রচারণা চালানো হয়েছে। ২৫ থেকে ৩০ হাজার লোকের সমাগম করা হবে বলে জানাচ্ছে জামায়াত নেতৃবৃন্দ। জনসভাটি এলাকার নির্বাচনী মাঠকে আরো শক্ত করবে বলেও মনে করছে জেলা জামায়াত।