জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ ভোটে না থাকলে এই নির্বাচন সার্বিকভাবে অন্তর্ভুক্তিমূলক হবে না এবং তা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে রংপুর নগরীর সেনাপাড়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জি এম কাদের বলেন, নির্বাচনকালীন সময়ে তিনি ব্যক্তিগতভাবে নিরাপত্তা পেলেও জাতীয় পার্টির নেতাকর্মী ও ভোটাররা নিরাপদ নন। সরকার একটি বিশেষ দলকে সুবিধা দিতে কাজ করছে বলেও অভিযোগ করেন তিনি। এর ফলে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। জাতীয় পার্টির প্রার্থীদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে, অথচ নির্বাচন কমিশন নির্বিকার ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেন তিনি।
গণভোট প্রসঙ্গে জাপা চেয়ারম্যান বলেন, একটি পক্ষ জনগণকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে। তবে ‘হ্যাঁ’ ভোট পাস হলে সংসদের সার্বভৌমত্ব ক্ষুণ্ন হবে। এ কারণেই দেশ রক্ষার স্বার্থে জাতীয় পার্টি ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে।
তিনি আরও বলেন, এবারের নির্বাচনে জাতীয় পার্টির পক্ষে মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। পাশাপাশি দেশের ক্রিকেট ধ্বংসের জন্য সরকারকে দায়ী করে দুঃখ প্রকাশ করেন তিনি।
যশোরের সাম্প্রতিক ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জিএম কাদের বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে বা তার পরিবারকে হত্যা করার হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
উল্লেখ্য, তিন দিনের সফরে নিজ সংসদীয় আসন রংপুর-৩ এ নির্বাচনী প্রচারণা শেষে রোববার বিকেলেই ঢাকায় ফেরেন জাতীয় পার্টির চেয়ারম্যান।