ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমেই চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজদের রাজনীতির অবসান ঘটবে বলে মন্তব্য করেছেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি–এর আহ্বায়ক নাহিদ ইসলাম।
রোববার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকায় নির্বাচনী প্রচারণাকালে তিনি এ মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড না থাকলেও একটি পক্ষ ভয়ভীতি দেখিয়ে সফল হতে পারেনি। তিনি বলেন, “চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজদের শেষদিন হবে ১২ ফেব্রুয়ারি।”
এ সময় তিনি এলাকার বিভিন্ন সমস্যা ও সংকটের কথা তুলে ধরে সেগুলোর বাস্তবসম্মত সমাধানের আশ্বাস দেন। নাহিদ ইসলাম বলেন, এবারের নির্বাচন শুধু ক্ষমতার পরিবর্তনের জন্য নয়, বরং একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ। ভোটারদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে বলেও জানান তিনি।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, কোনো প্রলোভন, সুবিধা বা মিথ্যা আশ্বাসে বিভ্রান্ত না হয়ে বিবেচনা করে যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে। যাকেই ভোট দেওয়া হোক, তা যেন হয় স্বাধীন ও সচেতন সিদ্ধান্ত।
প্রচারণাকালে তিনি শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান। নির্বাচনের মাধ্যমে দেশের ভাগ্য নির্ধারণের সময় এসেছে বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা।