সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির বলেছেন, দাঁড়িপাল্লাকে জয়ী করানো সবার ঈমানি দায়িত্ব। এই দায়িত্ব পালনের মাধ্যমেই আল্লাহকে খুশি করা যাবে এবং কিয়ামতের দিন তার জবাব দেওয়া সম্ভব হবে।
শনিবার (২৪ জানুয়ারি) নওগাঁ পৌরসভার আরজি-নওগাঁ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক নির্বাচনী সভায় প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শাহরিয়ার কবির বলেন, দাঁড়িপাল্লায় ভোট না দিলে কিয়ামতের দিন কী উত্তর দেওয়া হবে—সে প্রশ্ন প্রত্যেক মুসলমানকে ভাবতে হবে। জান্নাতে নেওয়ার ক্ষমতা কারও নেই, একমাত্র আল্লাহ তায়ালারই সে ক্ষমতা রয়েছে। তাই কবরে গিয়ে যেন বলা যায়, আল্লাহর দ্বীন কায়েমের জন্য দাঁড়িপাল্লায় ভোট দেওয়া হয়েছে।
ভোটকে আমানত উল্লেখ করে তিনি বলেন, ভোট পেয়ে যারা দেশের জন্য কাজ করে না তারা আমানতের খেয়ানতকারী। জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা ক্ষমতার জন্য নয়, বরং জনগণের সেবক হিসেবে কাজ করার মানসিকতা নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।
রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেন, ভবিষ্যৎ বাংলাদেশে চোরাকারবারি, চাঁদাবাজ ও অসৎ ব্যক্তিদের হাতে ক্ষমতা দেওয়া হবে না। একই সঙ্গে ভোট চুরি প্রতিহত করার আহ্বান জানান তিনি।
সভায় নওগাঁ-৫ (সদর) আসনের জামায়াত প্রার্থীসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।