ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, হাঁস প্রতীক সংসদের ৩০০ এমপির বিরুদ্ধে একা লড়াই করার প্রতীক। এটি কোনো নেতার প্রতীক নয়, কোনো হাই কমান্ডের প্রতীকও নয়—এটি সাধারণ মানুষের প্রতীক।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার শাহবাজপুরে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের দুই ইউনিয়ন নিয়ে গঠিত আসনের এই প্রার্থী বলেন, ভোটের দিন ভোটারদেরই ভোটকেন্দ্র পাহারা দিতে হবে, যেন একটি জাল ভোটও দেওয়া না যায়। “আমার একটি হাঁসও যেন কোনো শিয়াল চুরি করতে না পারে। গুনে গুনে আপনারাই হাঁস খোঁয়াড়ে তুলবেন,”—বলেন তিনি।
রুমিন ফারহানা বলেন, এবারের নির্বাচনে সাধারণ মানুষের ও জনতার প্রতীক হলো হাঁস। এটি কোনো দলের বা বিশেষ গোষ্ঠীর প্রতীক নয়। “হাঁস মার্কা উন্নয়নের প্রতীক, গণতন্ত্রের প্রতীক, সাহস ও সততার প্রতীক এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতীক,”—উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, “গত ১৫ বছর ধরে হাল চষে, বীজ বুনে ধান লাগিয়েছি। কিন্তু ফসল কাটার সময় যদি মরুভূমি দেখা যায়, তখন কেমন লাগে? এবার আর তা হতে দেব না। আমার হাঁস আমার চাষ করা ধানই খাবে।”