নোয়াখালীর হাতিয়া উপজেলায় বিএনপির শতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিয়েছেন।
শনিবার সন্ধ্যায় হাতিয়া উপজেলা এনসিপি কার্যালয়ে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী আব্দুল হান্নান মাসউদ-এর হাতে হাত রেখে আনুষ্ঠানিকভাবে তারা এনসিপিতে যোগদান করেন।
এনসিপিতে যোগ দেওয়া নেতাদের মধ্যে রয়েছেন পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মহিব্বুর রহমান, জাহাজমারা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল হান্নান, বুড়িরচর ইউনিয়ন মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব আবুল খায়ের, বুড়িরচর ইউনিয়ন ওলামা দলের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা সারোয়ার খান,
বুড়িরচর ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি মো. মিল্লাত এবং জাহাজমারা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সম্রাট আকবর হোসেন। তাদের নেতৃত্বে ১৭ জন নেতা ও শতাধিক কর্মী যোগদান অনুষ্ঠানে অংশ নেন।
এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আব্দুল হান্নান মাসউদ বলেন, “সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়—এমন সব দলের নেতাকর্মীরাই এনসিপিতে যোগ দিতে পারবেন। বিভিন্ন ইউনিয়ন থেকে প্রতিদিনই বিভিন্ন দলের নেতাকর্মীরা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। আজ থেকে নিয়মিতভাবে যোগদান অনুষ্ঠান চলবে।”
তিনি আরও বলেন, “আজ ১৭ জন সাবেক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতার নেতৃত্বে শতাধিক কর্মী এনসিপিতে যোগ দিয়েছেন। সবাইকে সঙ্গে নিয়ে আমরা সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত একটি মডেল হাতিয়া গড়ে তুলতে চাই।”