জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ (পীরগাছা–কাউনিয়া) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী আখতার হোসেন বলেছেন, দেশে এখন দুটি স্পষ্ট পক্ষ রয়েছে।
এক পক্ষ বাংলাদেশকে আধিপত্যবাদ ও দুর্নীতিমুক্ত করতে চায়, আরেক পক্ষ গোলামির বাংলাদেশ কায়েম করতে চায়। “এখন সিদ্ধান্ত নেওয়ার সময়—আমরা কোন পক্ষে থাকব। আমরা গোলামির বাংলাদেশ নয়, আজাদির বাংলাদেশ গড়তে চাই,”—বলেন তিনি।
শনিবার (২৪ জানুয়ারি) বেলা দুইটার দিকে রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের ঘগোয়া সর্দারপাড়া এলাকায় আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
এর আগে সকাল ১১টা থেকে তাম্বুলপুর ইউনিয়নের ১, ৬ ও ৮ নম্বর ওয়ার্ডে একাধিক উঠান বৈঠক, গণসংযোগ এবং সাহেব বাজার এলাকায় পথসভা করেন আখতার হোসেন।
উঠান বৈঠকে ‘শাপলা কলি’ প্রতীকে ভোট চেয়ে তিনি বলেন, কাউনিয়া ও পীরগাছা দীর্ঘদিন ধরে অবহেলিত ও উন্নয়নবঞ্চিত। বাজেটে রংপুর বিভাগের জন্য যে বরাদ্দ দেওয়া হয়, তার খুব সামান্য অংশই এ এলাকায় আসে।
সরকারি সেবা ও পুলিশি হয়রানির চিত্র তুলে ধরে তিনি বলেন, গ্রামের মানুষ সরকারি দপ্তরে গেলে দিনের পর দিন ঘুরেও সেবা পায় না। থানায় গেলে অনেক সময় আশ্রয়ের বদলে ভোগান্তি বাড়ে।
সরকারি চাকরিতেও মেধার পরিবর্তে অনিয়ম ও স্বজনপ্রীতি কাজ করে। “আমরা এই ব্যবস্থার পরিবর্তন চাই। পুলিশ ও প্রশাসন কোনো দলের গোলামি করবে না, তারা জনগণের সেবক হবে,”—বলেন তিনি।
নির্বাচিত হলে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে একটি বিশেষ ‘জনসেবা সেন্টার’ চালুর প্রতিশ্রুতি দেন আখতার হোসেন। তিনি বলেন, ঢাকায় চিকিৎসা নিতে গিয়ে অনেক মানুষ দালালের ফাঁদে পড়ে হয়রানির শিকার হন।
এই সেন্টারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোগীদের ডাক্তার দেখানো, টিকিট কাটা ও হাসপাতালে ভর্তি সংক্রান্ত সহায়তা দেবেন। “২০০ টাকার শাড়ি বা লুঙ্গি দেওয়ার চেয়ে এই সেবাই মানুষের বেশি উপকারে আসবে,”—বলেন তিনি।
কৃষিপ্রধান এ অঞ্চলের জন্য হিমাগার (কোল্ড স্টোরেজ) নির্মাণের ঘোষণাও দেন তিনি। তার মতে, ফসলের মৌসুমে দাম কমে যায় এবং পরে বেড়ে যায়—এতে কৃষক ও ভোক্তা উভয়ই ক্ষতিগ্রস্ত হন। হিমাগার হলে কৃষকেরা ফসল সংরক্ষণ করে ন্যায্যমূল্য পাবেন।
ভোটের পর জনপ্রতিনিধিদের এলাকায় না পাওয়ার সংস্কৃতির সমালোচনা করে আখতার হোসেন বলেন, নির্বাচিত হলে প্রতি তিন মাস পরপর কাউনিয়া ও পীরগাছায় মতবিনিময় সভা করা হবে। সেখানে জনগণের অভিযোগ, পরামর্শ ও সমালোচনা শুনে সমস্যার সমাধান করা হবে। “আমরা জবাবদিহির রাজনীতি চালু করতে চাই,”—বলেন তিনি।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ভোটের আগের রাতে টাকার বিনিময়ে ভুল সিদ্ধান্ত নিলে পরবর্তী পাঁচ বছর পস্তাতে হবে। মাদক ও চোর-ডাকাতমুক্ত, ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে সবাইকে শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন এনসিপির পীরগাছা উপজেলা প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন, তাম্বুলপুর ইউনিয়নের সদস্যসচিব রুবেল মিয়া, ইউনিয়ন জামায়াতের আমির সাইফুল ইসলাম, খেলাফত মজলিসের উপজেলা সভাপতি আবু শাহামা এবং তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান বজলুর রশিদসহ স্থানীয় নেতাকর্মীরা।