বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনে বিএনপি জোট সমর্থিত প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, ভোলার উন্নয়নের জন্য জনগণ যেন যোগ্য প্রার্থীকে বেছে নেয়। তার ভাষায়, “ভোলা–বরিশাল সেতু কে করতে পারবে,
মেডিকেল কলেজ কে আনতে পারবে, কে জাতীয় সংসদে গিয়ে এলাকার মানুষের পক্ষে কথা বলার যোগ্যতা রাখে—সেসব বিবেচনা করেই ভোট দেবেন। আমার চেয়ে যোগ্য প্রার্থী থাকলে আমিও তাকেই ভোট দেব।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ভোলা শহরের নতুন বাজার এলাকায় জেলা বিজেপির কার্যালয়ের সামনে গরুর গাড়ি প্রতীকের গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।
পার্থ বলেন, “একসময় এমন পরিস্থিতি ছিল, যখন শেখ হাসিনার চোখে চোখ রেখে কথা বলার সাহস খুব কম মানুষই করত। আমি তখনও পিছপা হইনি।” তিনি আরও দাবি করেন, প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধেও তিনি দৃঢ় অবস্থান নিয়েছেন।
তিনি বলেন, মারামারি ও হানাহানির রাজনীতি তিনি করেন না এবং পছন্দও করেন না। “আমি সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে পরিচ্ছন্ন রাজনীতি করতে চাই,”—বলেন তিনি।
পার্থ আরও বলেন, “আমরা কারো সঙ্গে অন্যায় করতে চাই না, প্রতিশোধের রাজনীতিতেও বিশ্বাস করি না। আমি চাই একটি সুন্দর, মানবিক ও শান্তিপূর্ণ ভোলা গড়ে তুলতে—যেখানে চাঁদাবাজি, লুটপাট, টেন্ডারবাজি কিংবা শালিশের নামে অর্থ আদায়ের সংস্কৃতি থাকবে না।”
জনগণের ভোটে সংসদে যেতে পারলে ভোলা–বরিশাল সেতু নির্মাণ, মেডিকেল কলেজ প্রতিষ্ঠাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেন তিনি।
এর আগে দুপুরে ঢাকা থেকে ভোলার খেয়াঘাট এলাকায় পৌঁছান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। এ সময় বিপুলসংখ্যক নেতাকর্মী তাকে অভ্যর্থনা জানান। পরে সেখান থেকে গণসংযোগ ও শোডাউন নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তিনি।