ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে যে দলটি বর্তমানে ভোট চাইছে, তারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের পক্ষে অবস্থান নিয়েছিল।
শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১২টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে এক নির্বাচনী পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “আপনাদের ১৯৭১ সালের যুদ্ধের কথা নিশ্চয়ই মনে আছে। আমরা নিজেরাই পাকিস্তানিদের বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়ে স্বাধীনতার জন্য লড়াই করেছি। কেউ বাইরে থেকে এসে আমাদের হয়ে যুদ্ধ করেনি। আমরা দেশ ছেড়ে পালাইনি।
কিন্তু যারা তখন বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই আজ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ভোট চাইতে আসছে। আপনারাই বিচার করুন, তারা স্বাধীনতার পক্ষে ছিল নাকি বিপক্ষে।”
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনায় নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। এই কার্ড নারীদের ক্ষমতায়নের একটি কার্যকর হাতিয়ার হিসেবে কাজ করবে এবং পরিবারের নিত্যপ্রয়োজনীয় চাহিদা পূরণে সহায়ক হবে।
কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালুর কথাও উল্লেখ করে তিনি বলেন, এই কার্ডের মাধ্যমে কৃষকরা বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। পাশাপাশি ‘স্বাস্থ্য কার্ড’ চালুর মাধ্যমে সাধারণ মানুষের জন্য সহজ ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি আপনাদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চাই। আপনারা যখন আমাকে সমর্থন দেন, তখন আমি সংসদে গিয়ে জনগণের পক্ষে কথা বলার চেষ্টা করি।”
পথসভায় উপস্থিত কয়েকজন ভোটার মঞ্চে উঠে অতীতে সংসদ সদস্য হিসেবে মির্জা ফখরুলের সময়ে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। তারা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি সেচ সুবিধা বৃদ্ধি ও অন্যান্য উন্নয়নের কথা উল্লেখ করে ভবিষ্যতেও নতুন উন্নয়ন প্রত্যাশার কথা জানান।
নির্বাচিত হলে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার আশ্বাস দেন তিনি।