বিএনপিকে ইঙ্গিত করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের কথা বলে ভোট কেনার এক ধরনের কৌশল নেওয়া হচ্ছে। তবে মাঠপর্যায়ে মানুষের সাড়া তেমন পাওয়া যাচ্ছে না। শনিবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীতে জনসংযোগকালে তিনি এসব কথা বলেন।
ফ্যামিলি কার্ডের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, মানুষ এসব প্রতিশ্রুতিতে আর বিশ্বাস করছে না। অতীতেও এমন অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবায়ন হয়নি। শুধু ঘোষণা দিলেই হবে না, কীভাবে তা বাস্তবায়ন করা হবে—সে বিষয়ে সুস্পষ্ট পরিকল্পনা থাকতে হবে। এনসিপি সেই বাস্তবসম্মত পরিকল্পনার কথাই জনগণের সামনে তুলে ধরছে বলে জানান তিনি।
তিনি অভিযোগ করেন, ঢাকা-১১ আসনে একটি ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে এবং নির্বাচনি আচরণবিধি মানা হচ্ছে না। আচরণবিধি লঙ্ঘন করে পোস্টার টাঙানো হলেও তাদের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে। এছাড়া চাঁদাবাজি ও ভূমি দখলের ঘটনাও বেড়েছে বলে অভিযোগ করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, এবারের নির্বাচন নতুন বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের ভোট। একই দিনে অনুষ্ঠিতব্য গণভোটে মানুষ যেন ভয়মুক্তভাবে ভোট দিতে পারে, সে লক্ষ্যেই তারা মাঠে কাজ করছেন।
এদিন শাহজাদপুর বাঁশতলা, নূরেরচালা বাজার, নবধারা ও একতা সড়ক এলাকায় তার নির্বাচনি প্রচারণা চলে।