জুলাই সনদ বাস্তবায়নের জন্যই সরকার গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন,
যারা পরাজিত শক্তি, যারা ফ্যাসিবাদের সহযোগী এবং গণমানুষের প্রতিপক্ষ, একমাত্র তারাই গণভোটে ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিচ্ছে।
শুক্রবার সকাল দশটায় গণঅভ্যুত্থানে রংপুর জেলা শহীদদের স্মরণে স্থাপিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। আদিলুর রহমান খান বলেন, ছাত্র জনতার রক্ত ও ত্যাগের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকার পরাজিত হয়েছে এবং সেই গণঅভ্যুত্থানের ফলেই এই সরকার এসেছে। জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যেই সরকার গণভোটের আয়োজন করেছে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, এ দেশের মানুষ হ্যাঁ ভোটের পক্ষেই রয়েছে। যারা ফ্যাসিবাদের সহযোগী এবং গণমানুষের প্রতিপক্ষ, তারাই ভিন্ন চিন্তা করবে। কিন্তু বাংলাদেশের জনগণ, জনতার কাফেলা ও জনতার জোয়ার হ্যাঁ ভোটের পক্ষে রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল সাড়ে দশটায় তিনি রংপুরের আরডিএ এবং তাজহাট জমিদারবাড়ি পরিদর্শন করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। একই দিনে তিনি মিঠাপুকুরে এলজিইডির সড়ক পরিদর্শন করেন এবং শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে শানেরহাটে নির্মিত সড়ক পরিদর্শনের কর্মসূচিতে অংশ নেন।
এ সময় রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, পুলিশ সুপার মারুফত হোসাইনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।