মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ-৩ সংসদীয় আসনের গজারিয়া উপজেলায় স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল পৌনে পাঁচটার দিকে গজারিয়া ইউনিয়নের সোনালি মার্কেট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের স্থানীয় বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতরা হলেন— মামুন (৪৭), মানিক (৪২), আল আমিন (২৫), স্বপন সরকার (৫৫), বাবু (৪০) ও জয়নাল (৩৮)। তারা সবাই ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা স্বতন্ত্র প্রার্থীর সমর্থক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পাঁচটার দিকে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন আহমেদের সমর্থকরা সোনালি মার্কেট এলাকায় একটি প্রচারণা মিছিল বের করেন। এ সময় ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী কামরুজ্জামান রতনের সমর্থকরা আকস্মিকভাবে মিছিলে হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে কয়েকজন আহত হন।
ঘটনার বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা দেয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই উভয় পক্ষ সরে যায়। তিনি জানান, আহতদের অবস্থা গুরুতর নয় এবং বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।