সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির বলেছেন, দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করা সবার ঈমানি দায়িত্ব। এই বিজয়ের মাধ্যমেই আল্লাহকে সন্তুষ্ট করা সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে নওগাঁ পৌরসভার আরজি নওগাঁ উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক নির্বাচনী সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহরিয়ার কবির বলেন, ভোট একটি আমানত। যে জনপ্রতিনিধি জনগণের ভোট নিয়ে দেশের কল্যাণে কাজ করবে না, সে আমানতের খেয়ানতকারী হিসেবে বিবেচিত হবে। তার মতে, দাঁড়িপাল্লা ইনসাফ ও ন্যায়ের প্রতীক, আর জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীরা ক্ষমতার লোভে নয়—দেশ ও জনগণের সেবার উদ্দেশ্যেই নির্বাচনে অংশ নিচ্ছেন।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর আমির ঘোষণা দিয়েছেন—ভোটে নির্বাচিত হওয়ার পর দলের কেউ যদি আমানতের খেয়ানত করে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের ঘোষণা অন্য কোনো দলের পক্ষ থেকে শোনা যায় না বলেও তিনি দাবি করেন।
নওগাঁ জেলার প্রার্থীদের প্রসঙ্গে শাহরিয়ার কবির বলেন, যিনি দ্বীন কায়েমের কথা বলেন, তাকেই ভোট দেওয়া উচিত। তবে যে ব্যক্তি ন্যায়ের পথে রাষ্ট্র পরিচালনার সক্ষমতা রাখেন না, তাকে ভোট দেওয়া হলে সেটি আমানতের খেয়ানত হবে বলেও তিনি মন্তব্য করেন।
বিএনপির রাজনীতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, অতীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সময়কার বিএনপি আর বর্তমান বিএনপি এক নয়। ভবিষ্যৎ বাংলাদেশে কোনো চোরাকারবারি, চাঁদাবাজ কিংবা অসৎ ব্যক্তির হাতে ক্ষমতা তুলে দেওয়া হবে না বলেও তিনি মন্তব্য করেন। একই সঙ্গে ভোট চুরির চেষ্টা হলে তা প্রতিহত করার আহ্বান জানান তিনি।
আন্তর্জাতিক রাজনীতি প্রসঙ্গে শাহরিয়ার কবির বলেন, জামায়াতে ইসলামী ভারতীয় আধিপত্যবাদের বিরোধী। তিনি বলেন, দেশের মানুষকে মাথা উঁচু করে চলার অধিকার নিশ্চিত করতে হবে এবং জাতীয় স্বার্থবিরোধী রাজনীতির বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।
সভায় উপস্থিত ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আ স ম সায়েম, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দিন, সদর উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আব্দুর রহিমসহ স্থানীয় নেতাকর্মীরা।
এর আগে শাহরিয়ার কবির নওগাঁ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড যুব বিভাগ আয়োজিত পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।