ছেলে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে ‘শাপলা কলি’ প্রতীকে নির্বাচন করছেন, আর বাবা মাঠে নেমে প্রচারণা চালাচ্ছেন ‘ধানের শীষ’-এর পক্ষে—এমন ব্যতিক্রমী রাজনৈতিক চিত্র দেখা যাচ্ছে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে।
এই আসনে ১০ দলীয় জোটের প্রার্থী মাহবুব আলম। তিনি সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম-এর ভাই। অন্যদিকে তাঁর বাবা আজিজুর রহমান বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিম-এর পক্ষে প্রকাশ্যে গণসংযোগ ও পথসভা করছেন।
মাহবুব আলমের বাড়ি রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর এলাকার মোল্লা বাড়িতে। তাঁর বাবা আজিজুর রহমান ইছাপুর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত।
শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আজিজুর রহমান রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপির প্রার্থীর সঙ্গে অন্তত ১৮টি পথসভায় অংশ নেন। এসব সভায় তিনি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আজিজুর রহমান বলেন,
“পরিবার আমার ব্যক্তিগত বিষয়, আর রাজনীতি আমার আদর্শ ও অবস্থানের জায়গা। আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। ব্যক্তিগত সম্পর্কের কারণে রাজনৈতিক অবস্থান পরিবর্তনের কোনো সুযোগ নেই। সে কারণেই বিএনপির প্রার্থীর পক্ষে মাঠে নেমে ভোট চাইছি। তবে বাবা হিসেবে ছেলের জন্য দোয়া করি।”
এ বিষয়ে জানতে চাইলে এনসিপির প্রার্থী মাহবুব আলম বলেন, বিষয়টি তাঁর নজরে এসেছে, তবে এ নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না। তিনি বলেন,
“এ বিষয়ে আমার বাবাকেই প্রশ্ন করতে পারেন।”
এই ভিন্নমুখী রাজনৈতিক অবস্থান স্থানীয় ভোটারদের মধ্যেও আলোচনার সৃষ্টি করেছে।