পঞ্চগড়ে নির্বাচনী প্রচারণার সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম-এর হাতে ১০ দলীয় জোটের নির্বাচনী প্রতীক ‘শাপলা কলি’ তুলে দিয়েছেন ডা. শফিকুর রহমান।
শুক্রবার সকালে পঞ্চগড়ে আয়োজিত ১০ দলীয় ঐক্যজোটের নির্বাচনী জনসভায় এই দৃশ্য দেখা যায়। এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন (পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) থেকে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শাপলা কলি প্রতীক তুলে দিয়ে জামায়াত আমির বলেন, “পঞ্চগড়ের জন্য শাপলা কলিই ১০ দলীয় জোটের প্রতীক। বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত কেউ হাল ছাড়বেন না।”
জনসভায় জামায়াত আমিরের পাশাপাশি সারজিস আলম এবং পঞ্চগড়-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সফিউল্লাহ সুফিসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। এর আগে জনসভায় ১০ দলীয় জোটের পক্ষে স্লোগান দেন সারজিস আলম।
পরে পঞ্চগড়-২ আসন (বোদা ও দেবীগঞ্জ) থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী সফিউল্লাহ সুফির হাতেও দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ তুলে দেন শফিকুর রহমান।
পঞ্চগড়ে ১০ দলীয় জোটের বিজয় নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, “ন্যায়, ইনসাফ, সমতা ও সাম্যের প্রতীক আমরা আমাদের প্রতিনিধিদের হাতে তুলে দিয়েছি। এই দাঁড়িপাল্লা ১০ দলীয় জোটের প্রতীক।”
তিনি আরও বলেন, “আমাদের কাছে কোনো বিশেষ কার্ড নেই। আপনারাই—ভাই ও বোনেরা—আমাদের শক্তি। আপনাদের হৃদয়ে আমরা ভালোবাসার জায়গা চাই। ভবিষ্যতে আমরা একটি বেকারত্ব ও দায়মুক্ত বাংলাদেশ গড়তে চাই।”
জামায়াতে ইসলামী কখনো দেশের মানুষকে ছেড়ে যায়নি উল্লেখ করে তিনি বলেন, “চরম সংকট ও দুঃখের সময়েও আমরা দেশবাসীকে ফেলে কোথাও যাইনি। আগামীতেও যাব না। জীবনে-মরণে আমরা একসঙ্গে লড়াই করে যাব।”