জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে দিনাজপুরকে সিটি করপোরেশনে উন্নীত করা হবে বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে উত্তরাঞ্চলে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দিনাজপুরে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ ঘোষণা দেন।
ডা. শফিকুর রহমান বলেন, কৃষি খাতকে আর পুরোনো পদ্ধতিতে পরিচালনা করা হবে না। আধুনিক প্রযুক্তি ও লজিস্টিক সুবিধা নিশ্চিত করে কৃষি ব্যবস্থাকে আধুনিকায়ন করা হবে। এর মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করা হবে এবং কৃষকদের হাতে ন্যায্য মূল্য পৌঁছে দেওয়া হবে।
তিনি অভিযোগ করে বলেন, কৃষকরা ফসল উৎপাদনের পরও বাজারে তার সঠিক মূল্য পান না। সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় অনেক সময় উৎপাদিত ফসল নষ্ট হয়ে যায়। এসব সমস্যার সমাধান করেই কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে।
জামায়াত আমির আরও বলেন, “আমরা আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি—ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। পাশাপাশি ফসল ও সবজি সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হবে।”