বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের ঢল নেমেছে রাস্তায়, ধানের শীষের জোয়ার শুরু হয়েছে। মানুষ এর জন্য অপেক্ষা করেছে। সবচেয়ে জনপ্রিয় দল হিসেবে বিএনপি জনগণের পাশে দাঁড়িয়েছে। এখন মানুষ বিএনপির ত্যাগের প্রতিদান দিচ্ছে, জনগণ বিএনপির পাশে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) চট্টগ্রাম ২৯ নং ওয়ার্ড কদমতলীতে নির্বাচনী গণসংযোগে এসব কথা বলেন তিনি। এর আগে সকাল সাড়ে ১০টায় উত্তর কাট্টলি নাজির বাড়িতে তার পিতা সাবেক মন্ত্রী মরহুম মাহমুদুন্নবী চৌধুরী ও মাতা মরহুমা মেহেরুন্নেসা চৌধুরীর কবর জিয়ারত করেন ও দোয়া মোনাজাত করেন। এরপর তিনি সেখান থেকে গণসংযোগ শুরু করেন।
গণসংযোগে আমীর খসরু বলেন, ১৬-১৭ বছর বিএনপির নেতাকর্মীরা গুম-খুন, জেলে নির্যাতনের শিকার হয়েছে।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের যে ত্যাগ তার প্রতিদান বাংলাদেশের মানুষ আজকে দিচ্ছে। যেখানেই যাচ্ছি দেশের মানুষ তার স্বীকৃতি দিচ্ছে এবং তাদের আস্থা বিএনপির ওপর।
আমীর খসরু বলেন, আগামীর বাংলাদেশের স্বপ্ন একমাত্র বিএনপিই পূরণ করতে পারবে। তাই মানুষ বিএনপির পাশে দাঁড়িয়েছে এবং নির্বাচনে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে।
তিনি বলেন, জনগণ ঠিক করবে দেশ কোন দিকে যাবে।
এদিকে একই আসনের জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দল সমর্থিত প্রার্থী মোহাম্মদ শফিউল আলম মুন্সিপাড়া থেকে গণসংযোগ শুরু করেন। এরপর পর্যায়ক্রমে ছত্তার হাজি বাড়ি, ধোপাপাড়া হয়ে চান্দাপাড়া, উত্তর জেলেপাড়া ও দক্ষিণ জেলেপাড়ায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় স্থানীয় বাসিন্দারা তাদের দীর্ঘদিনের সমস্যা, প্রত্যাশা ও এলাকার উন্নয়নসংক্রান্ত নানা কথা সরাসরি প্রার্থীর সামনে তুলে ধরেন।
গণসংযোগকালে শফিউল আলম বলেন, এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে অবহেলা ও বৈষম্যের শিকার।
আমি ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য নির্বাচনে এসেছি। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি।
এদিকে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকেই চট্টগ্রামে প্রচার-প্রচারণা শুরু করেছেন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা। প্রার্থীরা ছুটে যাচ্ছেন ভোটারদের কাছে। চট্টগ্রামের ১৬টি আসনেই ভোটারদের কাছে ভোট প্রার্থনা করতে ছুটে গেছেন প্রার্থীরা।