ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে মৌলভীবাজার-৩ আসনে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল মন্নান প্রার্থিতা প্রত্যাহার না করায় তাকে দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এতে ১০ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিস–এর নেতা আহমদ বিলালসহ জোটের নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এর আগে মঙ্গলবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে জামায়াতের প্রার্থী আব্দুল মন্নানকে তার কর্মী-সমর্থকরা অবরোধ করে রাখেন, যাতে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করতে না পারেন। বিকেলে দলীয়ভাবে জামায়াত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন প্রত্যাহারের আবেদন করলেও, প্রার্থীর সঙ্গে সরাসরি যোগাযোগ করা না যাওয়ায় রিটার্নিং কর্মকর্তা তা গ্রহণ করেননি।
প্রতীক বরাদ্দের পর ১০ দলীয় জোটের প্রার্থী আহমদ বিলাল বলেন, জামায়াত ও খেলাফত মজলিসের পক্ষ থেকে তাকে জানানো হয়েছে—আব্দুল মন্নানকে নির্বাচন থেকে সরে দাঁড় করাতে চেষ্টা চলছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জোটের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে আব্দুল মন্নান শেষ পর্যন্ত তাকে সমর্থন দেবেন।
এদিকে আব্দুল মন্নানের মুঠোফোনে যোগাযোগ করা হলে সৌরভ নামে একজন জানান, ফোনটি তার কাছে নেই এবং তিনি এখনো নির্বাচন করবেন কি না সে বিষয়ে সিদ্ধান্তহীনতায় রয়েছেন। সব মিলিয়ে মৌলভীবাজার-৩ আসনে প্রার্থীতা নিয়ে জোট রাজনীতিতে অস্বস্তি ও অনিশ্চয়তা স্পষ্ট হয়ে উঠেছে।