ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান। বুধবার জানুয়ারি একুশ তারিখ দিবাগত রাত একটার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নে অবস্থিত তার শ্বশুরবাড়ি থেকে তিনি এই প্রচারাভিযান শুরু করেন।
স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে তারেক রহমান বলেন, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী এখন আনুষ্ঠানিকভাবে ধানের শীষে ভোট চাওয়ার সুযোগ এসেছে। তিনি বলেন, এখন আমাদেরকে ধানের শীষ জয়যুক্ত করতে হবে।
তারেক রহমান বলেন, ‘বহুদিন পর বহু বছর পর আপনাদের এলাকার সন্তান ডা. জুবাইদা রহমান এবং আমি বাড়িতে এসেছি। আজ আপনাদের মেয়ে যখন এসেছে তখন তার সম্মান আপনাদেরই রক্ষা করতে হবে। আপনাদের মেয়ের সম্মান রক্ষা করা আপনাদের দায়িত্ব। আর সেই সম্মান তখনই নিশ্চিত হবে যখন এখানে ধানের শীষ জয়যুক্ত হবে।’
তিনি উপস্থিত জনতার কাছে জানতে চান, এই এলাকা থেকে বিরাইমপুর থেকে দক্ষিণ সুরমা থেকে ধানের শীষ মার্কাকে জয়যুক্ত করা যাবে কিনা। এর জবাবে উপস্থিত জনতা ধানের শীষে ভোট দেওয়ার আশ্বাস দেন।
এর আগে বুধবার রাত আটটার কিছু পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। রাত নয়টা বিশ মিনিটে তিনি হজরত শাহজালাল রহ এর মাজারে পৌঁছান। মাজার জিয়ারত শেষে তিনি মাজার কবরস্থানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবর জিয়ারত করেন।
পরে রাত পৌনে দশটার দিকে তিনি হজরত শাহপরান রহ এর মাজারের উদ্দেশে রওনা দেন। রাত সোয়া দশটার দিকে শাহপরান রহ এর মাজার জিয়ারত সম্পন্ন করেন তিনি।