নির্বাচনের পর সমাজ পরিষ্কারের কাজ করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম সাত রাঙ্গুনিয়া আসনের বিএনপি প্রার্থী হুমাম কাদের চৌধুরী। তিনি বলেন, রাঙ্গুনিয়াজুড়ে মাদকের মতো সামাজিক সমস্যা বেড়েছে, যা ঘরে ঘরে শোনা যাচ্ছে। এসব সমস্যা সমাধানে সবাইকে নিয়ে কাজ করা হবে।
বুধবার জানুয়ারি একুশ তারিখ বিকেলে উপজেলার রোয়াজারহাট বাজারের রাঙ্গুনিয়া ক্লাব মাঠে ‘পরিচ্ছন্ন রাঙ্গুনিয়া, গড়বো এবার আমরা’ শীর্ষক পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। হুমাম কাদের চৌধুরী জানান, তিনি ধানের শীষ প্রতীক আনুষ্ঠানিকভাবে হাতে পেয়েছেন এবং এ জন্য রাঙ্গুনিয়াবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন। তিনি বলেন, তাঁর স্ত্রী সামানজার খান এই পরিচ্ছন্নতা প্রকল্প গ্রহণ করেছেন এবং এই উদ্যোগের মাধ্যমে রাঙ্গুনিয়া পরিষ্কার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে নির্বাচনের পর সমাজকেও পরিষ্কার করার দায়িত্ব নেওয়া হবে বলে জানান।
তিনি আরও বলেন, জনসংখ্যা বাড়ছে, বড় বড় ভবন হচ্ছে, এর সঙ্গে পরিবেশও নষ্ট হচ্ছে। বিদেশে গেলে দেখা যায় চারপাশ কতটা পরিচ্ছন্ন। বিদেশ যদি পরিচ্ছন্ন হতে পারে, বাংলাদেশ কেন পারবে না। সে ভাবনা থেকেই ঘর থেকে শুরু করে পরিচ্ছন্ন রাঙ্গুনিয়া গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একেএস ডায়াগনস্টিক সেন্টারের পরিচ্ছন্নতা প্রকল্পের তত্ত্বাবধায়ক সাংবাদিক এম মতিন। রোয়াজারহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি গাজী জসিম উদ্দিনের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে বক্তব্য দেন একেএস ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সামানজার খান। আরও বক্তব্য দেন একেএস খান হেলথকেয়ার লিমিটেডের নির্বাহী পরিচালক নোমানুর রশিদসহ অন্যরা।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ইতোমধ্যে রাঙ্গুনিয়াজুড়ে দুইশটি ডাস্টবিন স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে আরও দেড়শটি ডাস্টবিন বসানো হবে। ছোট বিন থেকে বড় ডাস্টবিনে ময়লা স্থানান্তরের জন্য বিশটি বড় ডাস্টবিন বসানো হচ্ছে। পাশাপাশি ময়লা সংগ্রহের জন্য দশটি নিজস্ব ভ্যানের ব্যবস্থা রাখা হয়েছে। পরিচ্ছন্নতা কার্যক্রমে সত্তর জন পরিচ্ছন্নতাকর্মী, ষোল জন ভ্যানচালক, দশ জন সুপারভাইজার এবং দুইজন প্রকল্প প্রধান কাজ করছেন।