ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের চেয়ারম্যান ডা. এসএম খালিদুজ্জামান বলেছেন, ঢাকায় কোনো সিট ছেড়ে দেওয়া হবে না। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে তাকে এ ধরনের বক্তব্য দিতে দেখা গেছে। নিজ নির্বাচনি এলাকায় কর্মী-সমর্থকদের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এসব কথা বলেন।
ভিডিওতে ডা. খালিদুজ্জামান বলেন, সারা দেশে জামায়াত ও শিবিরের প্রভাব রয়েছে। ঢাকায় কোনো সিট দেওয়া হবে না, ইনশাআল্লাহ। কেউ ভয় পাবে না, সব একেবারে ‘সাইজ’ হয়ে যাবে। তিনি আরও বলেন, এবারের নির্বাচন হবে ঈদের মতো, কে কী বলছে তা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। কর্মীদের উদ্দেশে তিনি গুলশানে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নেওয়ার কথাও বলেন।
এদিকে অনুমোদনহীন ডিগ্রি ব্যবহার করার অভিযোগে তাকে শোকজ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। সোমবার (১৯ জানুয়ারি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. লিয়াকত হোসেন স্বাক্ষরিত এক নোটিশে এ শোকজ করা হয়।
বিএমডিসির অভিযোগে বলা হয়, ডা. খালিদুজ্জামান তার প্রচারপত্রে MSc in Clinical Embryology & Pre-implantation Genetics (India) ডিগ্রি উল্লেখ করে চিকিৎসা কার্য পরিচালনা করছেন, যা কাউন্সিল কর্তৃক স্বীকৃত নয়। এ ধরনের ডিগ্রি ব্যবহার বিএমডিসি আইন, ২০১০-এর পরিপন্থি ও শাস্তিযোগ্য অপরাধ। তবে ডা. খালিদুজ্জামান অভিযোগ অস্বীকার করে বলেন, এটি রাজনৈতিকভাবে হেনস্তার উদ্দেশ্যে আনা হয়েছে।