হবিগঞ্জ এক আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক এমপি শেখ সুজাত মিয়া মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। একই আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ড. রেজা কিবরিয়া নির্বাচনে রয়েছেন।
মঙ্গলবার জানুয়ারি বিশ তারিখ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেও শেখ সুজাত মিয়া তার প্রার্থিতা প্রত্যাহার করেননি। কয়েক দিন ধরেই তার মনোনয়ন প্রত্যাহার নিয়ে গুঞ্জন চলছিল। এ বিষয়ে দলের চেয়ারম্যান তারেক রহমান কয়েক দিন আগে তার সঙ্গে কথা বলেন বলেও জানা যায়। ওই আলোচনায় শেখ সুজাত মিয়াকে জেলা বিএনপির সভাপতি করার বিষয়টি উঠে আসে বলে আলোচনা ছিল। এমন আশ্বাসের পর তিনি মনোনয়ন প্রত্যাহার করবেন বলে ধারণা করা হলেও শেষ পর্যন্ত তিনি প্রার্থিতা বহাল রাখেন।
ফলে শেখ সুজাত মিয়া হবিগঞ্জ এক আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলার চারটি আসনের মধ্যে তিনি একমাত্র বিদ্রোহী প্রার্থী বলে জানা গেছে। এ ছাড়া হবিগঞ্জ জেলায় মোট চারজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তারা হলেন হবিগঞ্জ এক আসনে জামায়াত প্রার্থী মো. শাহজাহান আলী, হবিগঞ্জ দুই আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী নোমান আহমদ সাদিক, হবিগঞ্জ তিন আসনে গণঅধিকার পরিষদের চৌধুরী আশরাফুল বারী নোমান এবং হবিগঞ্জ চার আসনে এবি পার্টির প্রার্থী মো. মোকাম্মেল হোসেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মোট ঊনত্রিশ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই বাছাই ও আপিল শেষে আটাশ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এর মধ্যে চারজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বর্তমানে চব্বিশ জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।