দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ ও নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩১ বিজিবি)।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে ভারতের সীমান্ত সংলগ্ন ভারতপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধীনস্থ ভারতপুর বিওপি’র চার সদস্যের একটি বিশেষ টহল দল মাদকবিরোধী অভিযান চালায়।
অভিযানে সীমান্ত মেইন পিলার ১১৬৮/৪-এস থেকে প্রায় আড়াইশো গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারতপুর এলাকায় মালিকবিহীন অবস্থায় তিন বোতল ভারতীয় ‘কিংফিশার’ ব্র্যান্ডের মদ এবং ৮০ পিস নিষিদ্ধ ‘ট্যাপেন্টাডল’ ট্যাবলেট উদ্ধার করা হয়।
নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো আইনানুগ প্রক্রিয়ায় নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার কার্যক্রম চলছে।