কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট আবেদন করেছেন বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। তার মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে সোমবার (১৯ জানুয়ারি) তিনি এ রিট দায়ের করেন।
এর আগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাছাই শেষে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছিলেন। তবে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন কুমিল্লা-৪ আসনের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।
আপিলের শুনানি শেষে ঋণখেলাপির তথ্য গোপনের অভিযোগে গত শনিবার (১৭ জানুয়ারি) নির্বাচন কমিশন মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে।
এদিকে হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে মঞ্জুরুল আহসান মুন্সীর করা আবেদন নির্বাচন কমিশন একই দিনে নামঞ্জুর করে। ফলে এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বহাল থাকে। উল্লেখ্য, গত ৯ জানুয়ারি হাসনাতের মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন করেছিলেন মঞ্জুরুল আহসান মুন্সী।
অন্যদিকে, মঞ্জুরুল আহসান মুন্সী বর্তমানে ঋণখেলাপি অবস্থায় রয়েছেন। তার নাম স্থগিত করে জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। গত বুধবার (১৪ জানুয়ারি) চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব-এর আদালত এ আদেশ দেন। এ অবস্থায় বিদ্যমান আইনে তার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই বলে জানা গেছে।
তবে প্রিমিয়ার ব্যাংকের আইনজীবী জানিয়েছেন, মঞ্জুরুল আহসান মুন্সী তার ঋণ পুনঃতফসিল করেছেন। রুল নিষ্পত্তি হলে দ্রুতই তিনি ঋণখেলাপির তালিকা থেকে মুক্ত হতে পারেন বলে আশা প্রকাশ করেন তারা।
আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার এবং অপরপক্ষে ছিলেন আইনজীবী সাইফুল্লাহ মামুন।