বাংলাদেশের সাধারণ মানুষকে জামায়াতে ইসলামী থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। তিনি বলেন, জামায়াতে ইসলামী কপটতা ও অপপ্রচারের মাধ্যমে বাংলাদেশের রাজনীতি ও ইসলাম—উভয়কেই অবমাননা করছে।
সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে দুই দিনের অবস্থান কর্মসূচি শেষের আগে তিনি এসব কথা বলেন।
নাসির উদ্দিন নাসির বলেন, ‘ইসলামের নাম ব্যবহার করে যেভাবে মানুষকে বারবার বিভ্রান্ত করা হচ্ছে, তা অত্যন্ত দুঃখজনক। দেশের সাধারণ মানুষ ও ইসলামপ্রিয় জনগণকে অবশ্যই এ বিষয়ে সতর্ক থাকতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষ ও ধর্মপ্রাণ মুসলমানদের জামায়াতে ইসলামী থেকে দূরে থাকার আহ্বান জানাচ্ছি।’
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামীর সঙ্গে ইসলামী আন্দোলনের জোট হওয়ার সম্ভাবনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রচারণা চালানো হয়েছিল। ‘প্রচার করা হয়েছিল, যারা তাদের সঙ্গে জোটবদ্ধ হয়ে ভোট দেবে তারা জান্নাতে যাবে। এখন যেহেতু সেই জোট হয়নি, তাহলে কি ইসলামী আন্দোলনের নেতারা কেউ জান্নাতে যাবেন না?’—প্রশ্ন তোলেন তিনি।
ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, পাঁচটি ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইতিবাচকভাবে অংশগ্রহণ করেছে। তিনি দাবি করেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে যেসব ব্যবস্থাপনা হয়েছে, তাতে শিক্ষা মন্ত্রণালয়, নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন যুক্ত ছিল; ছাত্রদলের কোনো সম্পৃক্ততা ছিল না।
গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রদল নির্বাচন বন্ধে রিট করেছে—এমন অভিযোগ প্রত্যাখ্যান করে নাসির উদ্দিন নাসির বলেন, ‘এই রিটটি করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন স্বতন্ত্র ভিপি প্রার্থী। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোনো ছাত্র সংসদ নির্বাচনের বিরোধী নয়। আজ যদি কোনো নির্বাচন ব্যাহত হয়ে থাকে, তার দায় ছাত্রদল বহন করবে না।’