আগের মতো পাতানো নির্বাচন হতে দেওয়া হবে না, এবার ভোট হবে ১৯৯১ সালের মতো—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস-এর সঙ্গে চার সদস্যের প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিশ্চিত না হলে প্রয়োজনে কমিশনের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। তবে মুখোমুখি সংঘাতে যেতে চায় না এনসিপি। তিনি প্রশ্ন তোলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘আই হ্যাভ এ প্ল্যান’ বক্তব্যের অর্থ কি নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করার পরিকল্পনা কিনা।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৬ বছর মানুষ ভোট দিতে পারেনি, কারণ নির্বাচন কমিশন দলীয়করণ করা হয়েছিল। তবে এবারের নির্বাচন ভিন্ন হবে এবং এর মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে বিএনপির ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি।
এ সময় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, মাঠ পর্যায়ে নির্বাচন কমিশন একপাক্ষিক আচরণ করছে, যা সুষ্ঠু নির্বাচনের পথে বড় বাধা। তিনি নাহিদ ইসলাম ও নাসিরুদ্দীন পাটওয়ারীকে দেওয়া শোকজকে পক্ষপাতদুষ্ট উল্লেখ করে দ্রুত প্রত্যাহারের দাবি জানান।
তিনি বলেন, সবার আস্থা অর্জন করতে পারলেই নির্বাচন কমিশনের পক্ষে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব হবে।