মুন্সিগঞ্জ প্রতিনিধি
ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ অংশে চলন্ত একটি অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৯ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া ব্রিজ এলাকায় মাওয়ামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে রোগী নিয়ে মাগুরার উদ্দেশে যাত্রা করছিল অ্যাম্বুলেন্সটি। কুচিয়ামোড়া ব্রিজ এলাকায় পৌঁছানোর পর হঠাৎ করে গাড়ির সামনের অংশে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে চালক দ্রুত গাড়িটি সড়কের পাশে থামান। এ সময় রোগীসহ অ্যাম্বুলেন্সে থাকা চারজন যাত্রী দ্রুত নেমে নিরাপদ স্থানে সরে যান।
ঘটনার খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটির কারণেই অ্যাম্বুলেন্সে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যাবে।
অগ্নিকাণ্ডের ফলে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে আগুন নির্বাপণ ও ক্ষতিগ্রস্ত গাড়িটি সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।