জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার (জেআইসি) সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন হুম্মাম কাদের চৌধুরী।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টার কিছুক্ষণ আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
২০১৬ সালে গুমের শিকার হন হুম্মাম কাদের চৌধুরী। প্রায় সাত মাস নিখোঁজ থাকার পর ২০১৭ সালের মার্চে তিনি পরিবারের কাছে ফিরে আসেন। জবানবন্দিতে তিনি জেআইসি সেলে আটকে রেখে নির্যাতনের ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দিচ্ছেন। এরই মধ্যে সাক্ষ্য দেওয়া শুরু করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী।
এর আগে গত ১৮ ডিসেম্বর ট্রাইব্যুনাল ১৩ জনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলায় তিন আসামি গ্রেপ্তার রয়েছেন, যাদের সোমবার ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০১৫ সালের ২২ অক্টোবর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে অন্তত ২৬ জনকে গুম করা হয়। এসব ঘটনায় জেআইসি সেলে আটক রেখে চালানো নির্যাতনকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে।