বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন নির্বাচনি ঐক্যের অংশীদার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতার ভিত্তিতে পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি তিনটি আসনে শিগগিরই প্রার্থী চূড়ান্ত করা হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে ২৭টি আসনের প্রার্থীদের নাম ও ছবিসংবলিত পোস্টার প্রকাশ করা হয়। এতে দলীয় প্রতীক ‘শাপলা কলি’তে ভোট চাওয়া হয়। ঘোষিত প্রার্থীদের মধ্যে ঢাকা-১১ আসনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, রংপুর-৪ আসনে সদস্যসচিব আখতার
হোসেন, কুমিল্লা-৪ আসনে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, পঞ্চগড়-১ আসনে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং ঢাকা-৮ আসনে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচন করছেন।
এ ছাড়া নোয়াখালী-৬ আসনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদসহ বিভিন্ন জেলার প্রার্থীরা ‘শাপলা কলি’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে ঢাকা-১৮ আসনে আরিফুল ইসলাম আদীব এনসিপির প্রার্থী হিসেবে লড়ছেন।
এনসিপির মোট ৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও সমঝোতা অনুযায়ী ৩০টি আসনে নির্বাচন করছে দলটি। দলীয় সূত্র জানিয়েছে, ইসলামী আন্দোলন নির্বাচনি ঐক্য থেকে সরে দাঁড়ানোর পর জামায়াতের সঙ্গে আলোচনা করে আসন সংখ্যা বাড়ানোর সম্ভাবনাও তৈরি হয়েছে।