কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনজুরুল আহসান মুন্সী-র মনোনয়নপত্র বাতিলের পর নেতাকর্মীদের উদ্দেশে আশাবাদী থাকার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, ‘আশা হারাবেন না। এটা এখানেই শেষ নয়, এটি একটি আইনি প্রক্রিয়ার অংশ মাত্র।’
ফেসবুক পোস্টে মনজুরুল আহসান মুন্সী বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত নয়। তার মনোনয়ন বাতিল সংক্রান্ত বিষয়টি বর্তমানে উচ্চ আদালতের বিবেচনাধীন রয়েছে। মামলার মেরিটের ওপর ভিত্তি করেই সত্যের বিজয় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি লেখেন, ‘আমরা বিশ্বাস করি, উচ্চ আদালত ন্যায়বিচার নিশ্চিত করবে এবং আমাদের মনোনয়ন পুনর্বহাল হবে। ধৈর্য ধরুন, ঐক্যবদ্ধ থাকুন। ষড়যন্ত্রের সামনে মাথা নত নয়—আইনের পথেই আমরা এগোবো।’
শনিবার বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনের বেজমেন্ট-২ অডিটরিয়ামে শুনানি শেষে কুমিল্লা-৪ আসনে তার মনোনয়নপত্র বাতিলের ঘোষণা দেয় ইসি।
এদিকে এই আসনে ১০ দলীয় নির্বাচনী জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
মনজুরুল আহসান মুন্সী তার পোস্টে আরও বলেন, সত্যের শক্তি জনগণের সঙ্গে রয়েছে এবং ইনশাআল্লাহ আইনি লড়াইয়ের মাধ্যমেই ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।