শুধু একটি দেশের বিরুদ্ধে কথা বললেই দেশপ্রেমিক হওয়া যায় না বলে মন্তব্য করেছেন মির্জা আব্বাস। তিনি বলেন, আগে নিজের দেশকে ভালোবাসতে হবে, দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। এরপর অন্য দেশের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার প্রশ্ন আসে।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় কচিকাঁচা ভবন মিলনায়তনে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি-র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য।
মির্জা আব্বাস বলেন, “আমি এবং আমরা একটি বিশেষ দেশের বিরুদ্ধে বরাবর সংগ্রাম করেছি, আজও করেছি, ভবিষ্যতেও করব। কিন্তু শুধু একটি দেশের বিরোধিতা করলেই কেউ দেশপ্রেমিক হয়ে যায়—এমনটা নয়।” তিনি বলেন, প্রকৃত দেশপ্রেমিক হতে হলে নিজের দেশের মানুষের অধিকার, স্বাধীনতা ও স্বার্থ রক্ষায় সোচ্চার হতে হবে।
তরুণ মাল্টিমিডিয়া রিপোর্টারদের উদ্দেশে তিনি বলেন, এই বয়সে থেকেই চিনে রাখতে হবে—কে দেশপ্রেমিক আর কে দেশের বিরুদ্ধে অবস্থান নেয়। বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে দেশপ্রেম শেখানো যায় না বলেও মন্তব্য করেন তিনি।
গণভোট প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, ‘হ্যাঁ-না’ ভোট দেওয়ার অধিকার জনগণের রয়েছে। যার প্রয়োজন সে ‘হ্যাঁ’ ভোট দেবে, যার প্রয়োজন সে ‘না’ ভোট দেবে। তবে জোর করে কোনো নির্দিষ্ট পক্ষে ভোট আদায় করা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।
তিনি বলেন, মানুষের মতপ্রকাশের স্বাধীনতাকে সম্মান করাই গণতন্ত্রের মূল চেতনা।