মাহিনুর ইসলাম, বড়লেখা প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের বড়লেখা উপজেলার ৬৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অতীতের বিভিন্ন নির্বাচনে ঘটে যাওয়া সহিংসতা ও গোলযোগের তথ্য বিশ্লেষণ করে এই কেন্দ্রগুলোকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়।
ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর মধ্যে ২০টি অধিক গুরুত্বপূর্ণ এবং ৩৬টি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাকি ১৩টি কেন্দ্রকে সাধারণ ভোটকেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়েছে।
সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এসব কেন্দ্রে অতিরিক্ত পুলিশ ফোর্স, সশস্ত্র আনসার ও গ্রামপুলিশ মোতায়েনের পাশাপাশি স্থাপন করা হচ্ছে সিসি ক্যামেরা।
জানা গেছে, দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বড়লেখা উপজেলায় কেন্দ্র দখল, হামলা, অস্ত্র লুট, ককটেল বিস্ফোরণ, ভাঙচুর, ভোটার ও এজেন্টদের ওপর হামলাসহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এসব ঘটনার পর্যালোচনার ভিত্তিতে বড়লেখার বর্ণি ইউনিয়নের ছয়টি ভোটকেন্দ্রের মধ্যে পাঁচটিকে ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এছাড়া দাসেরবাজার ইউনিয়নের পাঁচটি ভোটকেন্দ্রের সবকটিকেই অধিক গুরুত্বপূর্ণ ও গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী জানান, ভোটকেন্দ্রগুলোকে ক্যাটাগরিভুক্ত করে নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।