পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে বিএনপির সমর্থিত প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর-এর পক্ষে সাংগঠনিকভাবে কাজ না করায় গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর কেন্দ্রীয় কমিটি।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিবৃতি পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশ সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটনের কাছে পাঠানো হয়। বিবৃতিতে গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির বিদ্যমান সাংগঠনিক কমিটি বিলুপ্তির সিদ্ধান্ত জানানো হয়।
দলীয় সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি পটুয়াখালী-৩ আসনে নিজস্ব প্রার্থী না দিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থী নুরুল হক নূরকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির একাংশ এই সিদ্ধান্ত বাস্তবায়নে অনীহা দেখায় এবং মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা রাখেনি। বরং তারা কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য (সদ্য বহিষ্কৃত) স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পক্ষে কাজ করছিলেন বলে অভিযোগ ওঠে।
এই প্রেক্ষাপটে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় বিএনপি সংশ্লিষ্ট উপজেলা কমিটি বিলুপ্ত করে এবং নেতা-কর্মীদের সতর্ক করে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন কমিটি বিলুপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।