কোনো ষড়যন্ত্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)কে দমন করে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে এবং সব বাধা অতিক্রম করেই এগিয়ে যাবে।
শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র-এ গুম ও খুনের শিকার পরিবারের সদস্যদের নিয়ে ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’-এর উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, দীর্ঘদিন দেশ ও স্বজনদের থেকে দূরে থাকতে হলেও স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে তিনি দূর থেকেই চেষ্টা চালিয়ে গেছেন। শুধু দলীয় নেতাকর্মী নয়, সারাদেশে স্বজনহারা মানুষদের পাশে দাঁড়ানোর আন্তরিক প্রচেষ্টা ছিল বলেও উল্লেখ করেন তিনি। সীমাবদ্ধতা থাকলেও বিএনপির মানবিক দায়বদ্ধতায় কোনো ঘাটতি ছিল না বলে জানান তিনি।
তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদী শাসনামলে বিএনপির হাজার হাজার নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন এবং বহু নেতাকর্মী গুম হয়েছেন। এ সময় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দেড় লক্ষের বেশি মিথ্যা মামলা দায়ের করা হয়, যার বোঝা বহন করতে হয়েছে প্রায় ৬০ লক্ষ নেতাকর্মীকে। বছরের পর বছর অনেককে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে থাকতে হয়েছে।
তারেক রহমান বলেন, এসব রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার মধ্য দিয়েও বিএনপিকে দমিয়ে রাখা যায়নি, ভবিষ্যতেও যাবে না।