ইসলামী আন্দোলন বাংলাদেশের (চরমোনাই) ঢাকা মহানগরী দক্ষিণের ৭৫ নম্বর ওয়ার্ড (দাসেরকান্দি) শাখার সভাপতি গাজী নাসির উদ্দিনসহ ১০ জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শনিবার (১৭ জানুয়ারি) সকালে রাজধানীর খিলগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলীতে যোগ দেন। নবাগতদের মধ্যে ব্যবসায়ী কাজী আক্তার হোসেন ও কাজী খালেদ হোসেনও রয়েছেন।
যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খিলগাঁও পূর্ব থানা জামায়াতের আমির মাওলানা মাহমুদুর রহমান। এ সময় নবাগত নেতাকর্মীদের স্বাগত জানিয়ে জামায়াতে ইসলামের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়।
এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে ইসলামী আন্দোলন বাংলাদেশ ১১ দলীয় জোট থেকে সরে যাওয়ার পর জরুরি বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার সকাল ৯টায় মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দলীয় নির্বাচন প্রস্তুতি ও জোটগত পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, ১১ দলীয় নির্বাচনী ঐক্যের বিষয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত। একই সঙ্গে নির্বাচনি সফর ও নীতিনির্ধারণী বিষয়েও আলোচনা চলছে বলে তিনি জানান।