চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মানুষের জন্য, মানবতার জন্য এবং দেশের উন্নয়নের রাজনীতি করে। বিএনপি একটি মানবতাবাদী দল, যা ক্ষমতায় থাকুক বা না থাকুক সব সময় জনগণের সুখ-দুঃখে পাশে থাকে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে নগরের বিবিরহাট এলাকায় পশ্চিম ষোলশহর ওয়ার্ড কার্যালয়ের সামনে আলোকিত নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শীতের এই কঠিন সময়ে অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান মেয়র।
নারী উন্নয়ন ও জনকল্যাণে বিএনপির ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারীদের ভাগ্য উন্নয়নে যুগান্তকারী উদ্যোগ নিয়েছিলেন। মেয়েদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা এবং নারীদের পুনর্বাসন কর্মসূচি তারই উদাহরণ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নারী শিক্ষা ও স্বাবলম্বীকরণ কার্যক্রম আরও জোরদার করবেন বলেও জানান তিনি।
মেয়র শাহাদাত বলেন, দীর্ঘদিন জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এখন একটি নতুন সুযোগ এসেছে, যা কাজে লাগাতে নারীদের ঘরে ঘরে গিয়ে ভোটের আহ্বান জানাতে হবে। তিনি তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা এরশাদ উল্লাহসহ দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।