আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানির অষ্টম দিন আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি শুরু হয়।
ইসি সূত্র জানায়, কুমিল্লা-৪ আসনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী—জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হাসনাত আবদুল্লাহ ও বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সীর পাল্টাপাল্টি আপিলের শুনানি আজ দুপুরে একসঙ্গে অনুষ্ঠিত হবে। এর আগে গত ৯ জানুয়ারি তারা একে অপরের মনোনয়নপত্র বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আপিল করেন।
এদিকে মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ঋণখেলাপির তালিকা থেকে তার নাম বাদ দিতে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, বৃহস্পতিবার চেম্বার আদালত তা স্থগিত করেন। ফলে তার মনোনয়নপত্র বর্তমানে বৈধ নয় বলে জানা গেছে। যদিও ওইদিন রাতে ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন, ঋণখেলাপির অভিযোগে তার মনোনয়ন বাতিল হয়নি এবং এ বিষয়ে গণমাধ্যমে প্রচারিত খবর সঠিক নয়।
অন্যদিকে কুমিল্লা-৪ আসনে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে ইতোমধ্যে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
নির্বাচনি তফসিল অনুযায়ী, আপিল শুনানি চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।