রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি বহুতল ভবনে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১৬ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ শোক প্রকাশ করেন।
স্ট্যাটাসে জামায়াত আমির লেখেন, আজ সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি সাততলা ভবনে সংঘটিত মর্মান্তিক অগ্নিকাণ্ডে দুই পরিবারের ছয়জন নিহত এবং আরও অনেকে দগ্ধ হওয়ার ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত। এই হৃদয়বিদারক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি তিনি আন্তরিক সমবেদনা জানান।

তিনি আরও লেখেন, যারা ইন্তেকাল করেছেন, মহান আল্লাহ যেন তাদের ক্ষমা করেন, তাদের ওপর রহমত নাজিল করেন এবং জান্নাতবাসী হিসেবে কবুল করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক দান করার জন্য দোয়া করেন।
আহতদের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান লেখেন, যারা দগ্ধ হয়েছেন বা আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন, আল্লাহ যেন তাদের ওপর বিশেষ রহমত দান করেন এবং দ্রুত সুস্থতা দান করেন।
উল্লেখ্য, এ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। শুরুতে ফায়ার সার্ভিস তিনজনের মৃত্যুর তথ্য দিলেও পরে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান বলে জানিয়েছেন পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার শাহরিয়ার আলী।