গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী–৩ (গলাচিপা–দশমিনা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–সমর্থিত প্রার্থী নুরুল হক নুর বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনের সঙ্গে জুলাই গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।
রাষ্ট্রসংস্কারকে প্রাধান্য দিয়েই সব রাজনৈতিক দল সম্মিলিতভাবে কাজ করেছে। তাই সংস্কারের পক্ষে জনগণকে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে পটুয়াখালীর দশমিনা উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া–এর রুহের মাগফিরাত কামনায় আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, নির্বাচনী আচরণবিধির কারণে প্রার্থীরা সরাসরি প্রচার চালাতে না পারলেও সরকারি ব্যবস্থাপনায় ও অর্থায়নে গণভোটের পক্ষে প্রচারণা চলছে। তাই নাগরিক হিসেবে সংস্কারের পক্ষে অবস্থান নেওয়া সবার দায়িত্ব।
বিএনপির সঙ্গে জোট প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন নির্বাসনে থেকেও গণতন্ত্র ও জনগণের অধিকারের প্রশ্নে যুগপৎ আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। সেই আন্দোলনের ৩১ দফার অধিকাংশ বিষয়ই জুলাই সনদে অন্তর্ভুক্ত হয়েছে বলেই বিএনপির সঙ্গে জোটবদ্ধ হওয়া হয়েছে।
প্রয়াত খালেদা জিয়াকে স্মরণ করে নুর বলেন, সংকটকালে তিনি বাংলাদেশের জন্য আলোকবর্তিকা ছিলেন। অনুষ্ঠানে বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।