আসন বণ্টন নিয়ে দীর্ঘ টানাপোড়েনের পর চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছাড়াই ২৫৩ আসনে নির্বাচনী ঐক্যে পৌঁছেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপিসহ ১০ দল। তবে ইসলামী আন্দোলন শেষ পর্যন্ত জোটে যোগ না দিলে জামায়াত ২২৬ আসনে নির্বাচন করবে বলে জানা গেছে।
জোটের সমঝোতা অনুযায়ী জামায়াতকে ১৭৯টি আসন দেওয়া হয়েছে। এনসিপি পেয়েছে ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিসের অপর অংশ ১০টি, এলডিপি ৭টি, এবি পার্টি ৩টি এবং বিডিপি ও নেজামে ইসলাম পার্টি পেয়েছে দুটি করে আসন। ইসলামী আন্দোলনের জন্য ৪৭টি আসন ফাঁকা রাখা হয়েছে। দলটি জোটে না এলে এসব আসনেও জামায়াত প্রার্থী দেবে।
বৃহস্পতিবার জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক ও সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন অংশ নেয়নি। তবে জামায়াত নেতারা আশাবাদ ব্যক্ত করে বলেছেন, শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন ঐক্যে যোগ দেবে। অন্যদিকে ইসলামী আন্দোলন জানিয়েছে, তারা ৭০ আসনের কমে সমঝোতায় রাজি নয়।
শুক্রবার বিকেলে দলটির সংবাদ সম্মেলনে চূড়ান্ত অবস্থান জানানো হবে। রাজনৈতিক অঙ্গনে এখন সবার নজর সেই ঘোষণার দিকেই।