জামায়াতে ইসলামীসহ ১১ দল নিয়ে চলমান নির্বাচনি সমঝোতা প্রক্রিয়া এখন ১০ দলীয় জোটে রূপ নিচ্ছে। সমঝোতার চূড়ান্ত সিদ্ধান্ত ও আসন বণ্টন নিয়ে আজ বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে বসেছেন ১০ দলের শীর্ষ নেতারা।
বেলা ১১টার পর শুরু হওয়া এই বৈঠকে অংশ নেয়নি চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ।
দলীয় সূত্র জানায়, বৈঠকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদীসহ বিভিন্ন দলের নেতারা উপস্থিত আছেন।
এ ছাড়া জাতীয় গণতান্ত্রিক পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) শীর্ষ নেতারাও বৈঠকে যোগ দিয়েছেন। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়েরও বৈঠকে উপস্থিত রয়েছেন।
সূত্রমতে, এই বৈঠক থেকেই নির্বাচনি সমঝোতা ও আসন বণ্টন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। বৈঠক শেষে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে সংবাদ সম্মেলনের আয়োজনের সম্ভাবনাও রয়েছে।