জুয়েল রানা, মধুপুর
টাঙ্গাইলের মধুপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে উপজেলার মীর্জাবাড়ী ইউনিয়নের ভবানীটেকী এলাকায় স্থানীয় যুব সমাজের উদ্যোগে এ প্রতিযোগিতা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের সংসদ সদস্য প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপন। তিনি বলেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা আমাদের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ, যা নতুন প্রজন্মের মাঝে ধরে রাখতে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রয়োজন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার। আয়োজক কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন হাফিজুর রহমান ও আবদুল মান্নানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঘোড়দৌড় প্রতিযোগিতায় মোট ৩২ জন ঘোড়সওয়ার অংশগ্রহণ করেন। কদম দৌড়ে ২টি রাউন্ডে ১০টি ঘোড়া এবং দাপট দৌড়ে ২টি রাউন্ডে ২২টি ঘোড়া অংশ নেয়। কদম দৌড়ের ২ রাউন্ডে প্রথম স্থান অধিকার করেন মাদারগঞ্জের মোশারফ হোসেন ও নজরুল ইসলাম। দাপট দৌড়ের ২ রাউন্ডে প্রথম হন ঘাটাইলের সোহাগ এবং জামালপুরের আবদুর রহমান।
ফাইনাল রাউন্ডে প্রথম স্থান অধিকার করেন ময়মনসিংহের সঞ্জু এবং দ্বিতীয় স্থান অধিকার করেন জামালপুরের আবদুর রহমান।
প্রতিযোগিতা দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার উৎসুক নারী পুরুষ উপস্থিত হন। পুরো আয়োজন ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
দর্শক রুবেল বলেন, এ ধরনের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা এখন খুব কম দেখা যায়। এমন আয়োজন দেখে খুব ভালো লেগেছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিত হলে নতুন প্রজন্ম গ্রামবাংলার সংস্কৃতির সঙ্গে আরও বেশি পরিচিত হবে।