মুন্সিগঞ্জ-১ (শ্রীনগর–সিরাজদিখান) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে মীর সরফত আলী সপু ও আলহাজ্ব মমিন আলীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার নির্বাচন কমিশনে আপিল শুনানি শেষে তাদের মনোনয়নপত্রের বৈধতা দেওয়া হয়।
এর আগে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু এবং মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মমিন আলী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মুন্সিগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেন। তবে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাইয়ের সময় সমর্থনকারী ভোটারদের স্বাক্ষরের সঙ্গে তালিকাভুক্ত তথ্যের অসামঞ্জস্যের অভিযোগে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
পরবর্তীতে তারা নির্বাচন কমিশনে আপিল করলে শুনানি শেষে কমিশন উভয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।
মনোনয়ন বৈধতা পাওয়ার পর বিকেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মীর সরফত আলী সপু। তিনি বলেন, জনগণের চাওয়া ও অনুরোধের কারণেই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। বৈধতা পাওয়ায় তিনি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা পূরণে সর্বাত্মক চেষ্টা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন একই আসনের আরেক স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মমিন আলী। তারা জানান, প্রতীক বরাদ্দ সম্পন্ন হওয়ার পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করবেন।
জানা গেছে, আসন্ন নির্বাচনে মুন্সিগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ, জামায়াতে ইসলামীর এ কে এম ফখরুদ্দীন রাজী, ইসলামী আন্দোলনের কে এম ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, সিপিবির প্রার্থী অ্যাডভোকেট আব্দুর রহমান, ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী রোকেয়া আক্তারসহ একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মনোনয়ন বৈধতা পাওয়ার পর মীর সরফত আলী সপু ও আলহাজ্ব মমিন আলী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেখানে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।