ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ইসলামী ছাত্রশিবির-এর সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, তরুণ সমাজ আর ফ্যামিলি কার্ডের প্রলোভনে প্রতারিত হতে চায় না; তারা চায় ন্যায্য চাকরির অধিকার। তিনি দাবি করেন, এক কোটি কার্ড দেওয়ার কথা বলে আওয়ামী লীগ দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশকে দেউলিয়া করে পালিয়েছে। এখন নতুন করে আরেকটি দল একই কৌশলে নির্বাচনের আগে ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখাচ্ছে।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে পাবনা শহরের স্বাধীনতা চত্বরে ছাত্রশিবির পাবনা শহর শাখা আয়োজিত তরুণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নুরুল ইসলাম সাদ্দাম বলেন, দেশে প্রায় ৪০ লাখ বেকার তরুণ রয়েছে, অথচ তাদের কর্মসংস্থানের বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ নেই। শিশু ভুলানো প্রতিশ্রুতি দিয়ে তরুণদের আর বিভ্রান্ত করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে ইনসাফের পক্ষে শক্তিকে বিজয়ী করতে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। ভোট ডাকাতির চেষ্টা হলে তরুণ সমাজ বসে থাকবে না। প্রয়োজনে ছাত্রশিবির তরুণদের সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
সমাবেশে তিনি আদর্শিক সমাজ গড়ার আহ্বান জানিয়ে বলেন, দেশ বারবার সংকটে পড়লেও তরুণরাই পরিবর্তনের নেতৃত্ব দিয়েছে। অনুষ্ঠানে জামায়াত ও ছাত্রশিবিরের স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক তরুণ অংশগ্রহণ করেন।