ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমালোচনার জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য পদপ্রার্থী মির্জা আব্বাস বলেছেন, দুর্বল প্রার্থীরা সবল প্রার্থীর বিরুদ্ধে কথা বলবেই, এতে নতুন কিছু নেই। এসব তিনি আমলে নিচ্ছেন না বলেও মন্তব্য করেন।
বুধবার রাজধানীর নয়াপল্টন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে মির্জা আব্বাস বলেন, “মবোক্রেসি সব জায়গায় চলে না। আমি ঢাকায় ভেসে আসি নাই। নির্বাচনে দাঁড়িয়ে কোনো অপরাধও করি নাই।”
নির্বাচনী প্রস্তুতির বিষয়ে কথা বলতে গিয়ে তিনি ব্যালট পেপারের কিছু অসংগতি নিয়ে প্রশ্ন তোলেন। তার অভিযোগ, ব্যালট পেপারে যে বিষয়গুলো দেখা যাচ্ছে, তা উদ্দেশ্যমূলক। নির্বাচন কমিশনের উচিত দ্রুত বিষয়টি সংশোধন করা।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বক্তব্যের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, কেউ যদি ঢাকা-৮ আসনে মব তৈরির চেষ্টা করে, তার দায় তাকেই নিতে হবে। এ ধরনের কর্মকাণ্ড আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও অবনতির দিকে ঠেলে দিতে পারে বলেও সতর্ক করেন তিনি।
ভোটারদের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, যেকোনো উসকানিমূলক বক্তব্য থেকে দূরে থাকতে হবে। বিএনপি নেতাকর্মীরা সতর্ক রয়েছে এবং কোনো প্ররোচনায় পা দেবে না।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, পল্টন থানা বিএনপির নেতৃবৃন্দ ও স্থানীয় দলীয় কর্মীরা।