আতিকুর রহমান,রাবি প্রতিনিধি
নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন রাবি অফিসার সমিতি।
বুধবার (১৪ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সংগঠনের সভাপতি আনোয়ারুল ইসলাম বলেন, গত ৫ আগস্টের পর থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনে সমন্বয়হীনতা স্পষ্ট হয়ে উঠেছে। প্রশাসনের ভেতরে ঐক্যের অভাব থাকায় কর্মকর্তা-কর্মচারীরা নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন।
তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ একটি শিক্ষাপ্রতিষ্ঠান। কিন্তু বর্তমানে কিছু সংখ্যক দুষ্কৃতকারী ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করছে। প্রশাসন এ বিষয়ে অবগত থাকা সত্ত্বেও কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। এ পরিস্থিতির দায় প্রশাসনকেই নিতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
অফিসার সমিতির সাধারণ সম্পাদক মো. রিয়াজ উদ্দিন বলেন, হবিবুর রহমান হলে মব সৃষ্টির ঘটনায় সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও অভিযুক্তদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ বিষয়ে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হলেও ফল পাওয়া যায়নি। তিনি বলেন, নিরাপত্তা দিতে ব্যর্থ হলে প্রশাসনের ওই পদে থাকার নৈতিক অধিকার নেই।
মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির সদস্য রোকসানা বেগম টুকটুকি। তিনি বলেন, কর্মকর্তা-কর্মচারীরা কারো কাছে জিম্মি নয়। তারা শুধু নিরাপদ পরিবেশে দায়িত্ব পালন করতে চান। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির দিকে যাওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
সংগঠনের কোষাধ্যক্ষ মো. আল-আমিন বিদ্যুৎ বলেন, যারা ক্যাম্পাসে মব সৃষ্টি করছে তারা কার নির্দেশে এসব করছে—এ প্রশ্নের উত্তর প্রশাসনকে দিতে হবে। সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। একই সঙ্গে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
উল্লেখ্য, নিরাপদ কর্মস্থলের দাবিতে ঘোষিত দুই দিনের কর্মসূচির অংশ হিসেবে প্রথম দিন মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচির দ্বিতীয় দিনে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে রাবি অফিসার সমিতি।